1. »
  2. সমগ্র দেশ

গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, মাঠে ১০ প্লাটুন বিজিবি

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১০:১৯ এএম | আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১০:১৯ এএম

গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, মাঠে ১০ প্লাটুন বিজিবি

গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান অসন্তোষ নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন।

জেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

এদিকে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেকে আহত হয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক উৎপাদন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।