1. »
  2. সমগ্র দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১১:৩৩ এএম | আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১১:৩৩ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলন ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরাও মহাসড়কের দিকে আসতে থাকেন।

এদিকে আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।

তিনি জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিকভাবে পাঁচ প্লাটুন দায়িত্ব পালন করবে। প্রয়োজন অনুযায়ী সদস্যসংখ্যা বাড়ানো হবে।

শিল্প পুলিশ সুপার আরও জানান, বিজিবি সদস্যরা কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।