ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের বিশাল জয়
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ০৭:৫৯ এএম | আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ০৭:৫৯ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৩টির ঘোষিত ফলাফলে তাঁর জয়ের বিষয়টি নিশ্চিত হয়েছে।
গতকাল সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় গণনা। সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।
আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৫২ শতাংশ। নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
নির্বাচনে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ থাকায় সন্তোষ জানিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তবে ভোট গ্রহণের সময় বিভিন্ন কেন্দ্রে কর্মকর্তাদের পরিচয়পত্রে ছবি না থাকার অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। পাশাপাশি ১৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
অন্যদিকে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা কমিশনকে উদ্বিগ্ন করেছে।
কেন্দ্রের কর্মকর্তাদের পরিচয়পত্রে ছবি না থাকার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ভোটারদের পরিচয় ডেটাবেসের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। এ বিষয়ে এজেন্টদেরও বুঝিয়ে সন্তুষ্ট করা হয়েছে।
আরও পড়ুন
- বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ফেলে আসেননি প্রধানমন্ত্রী : আতিকুর রহমান রুমন
- সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই
- সরকারি বাসা সাবলেটকারীদের ৩১ অক্টোবরের মধ্যে ছাড়ার নির্দেশ
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু
- প্রধানমন্ত্রীর সঙ্গে জেটরোর প্রেসিডেন্ট বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী