1. »
  2. জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১০:৫৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১০:৫৩ এএম

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া এলাকায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো নির্বাচনি এলাকায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এবারের উপনির্বাচনে মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে মাঠে রয়েছেন প্রায় সাড়ে ৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এ ছাড়া অনিয়ম শনাক্ত ও প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে এ উপনির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট পাঁচটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্ক ও সংশয় থাকলেও সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম। 

তিনি বলেন, নির্বাচনের সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়মের চেষ্টা মোকাবিলায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।