1. »
  2. খেলার মাঠ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:১১ এএম | আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:১১ এএম

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা ধরে রাখতে বাকি ছয় টেস্টের মধ্যে চারটিতে জয় এবং অন্তত একটিতে ড্র প্রয়োজন বাংলাদেশের। সেই কঠিন লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে দলের নতুন লড়াই।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে থাকছেন না অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়ায় তার খেলা নিয়ে আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি তার।

অন্যদিকে, চোট কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছেন লিটন দাস। চোটের কারণে সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি এই উইকেটরক্ষক-ব্যাটার।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জোনাথন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, ত্যাগনারায়ণ চন্দরপল, কাভেম হজ, আমির জঙ্গু, রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, কেমার রোচ, শামার জোসেফ, জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলস।