বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে দেখছে জাপান: তাকাইচি
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১১:৫০ এএম | আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১১:৫০ এএম
বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক সংযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করছে জাপান। আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রায় এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রত্যাশা করছে দেশটি। পাশাপাশি বঙ্গোপসাগরকেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ‘বিগ-বি’ পরিকল্পনায় সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ও টোকিও।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব পরিকল্পনার কথা জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। জাপানের প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ‘বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও কার্যকর করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
এই পরিকল্পনার আওতায় বাংলাদেশ ও জাপান নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগ নিয়ে কাজ করবে। এর লক্ষ্য হলো আঞ্চলিক যোগাযোগ বাড়ানো, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা জোরদার করা।
সানায়ে তাকাইচি নতুন উদ্যোগের চারটি অগ্রাধিকার তুলে ধরেন। এগুলো হচ্ছে—আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং নীতিগত সহযোগিতার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেশটিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত করেছে। এই অবস্থান কাজে লাগিয়ে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগ সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়ক হতে পারে।
বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এর আগে প্রতিবেদন প্রকাশ করেছিল জাপানের সংবাদমাধ্যম নিক্কেই। গত ২২ অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সও জানায়, আগামী পাঁচ বছরে জাপানের বেসরকারি খাত থেকে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
তবে এই অর্থ বিনিয়োগের প্রত্যাশিত পরিমাণ, ইতোমধ্যে বাংলাদেশে আসা বিনিয়োগ নয়। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে শিল্প উৎপাদন, অবকাঠামো, প্রযুক্তি ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে বিনিয়োগের বাস্তবায়ন নির্ভর করবে সংশ্লিষ্ট প্রকল্প, ব্যবসায়িক সিদ্ধান্ত ও দুই দেশের সহযোগিতার অগ্রগতির ওপর।
আরও পড়ুন
- ভারতে এলোপাথাড়ি গুলিবর্ষণে নিহত ৫
- হরমুজ প্রণালিতে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা
- সৌদিতে আরামকোর তেল স্থাপনায় ড্রোন হামলা, নিহত ২
- মোদির বাসভবনের কাছে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদের নোটিশ
- ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা-লুটপাট, সেনা মোতায়েন
- ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫০, আহত দুই শতাধিক
- সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
- মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল ১২ জনের