বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৩২ এএম | আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৩২ এএম
বিশ্ববাজারে তেলের দাম কমে আসা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনায় আবারও বেড়েছে স্বর্ণের দাম। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) আগের লেনদেনে তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর স্বর্ণের দাম ঘুরে দাঁড়ায়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে ৪ হাজার ২০ দশমিক ৬০ ডলারে দাঁড়ায়। এর আগে শুক্রবার দর কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৯৭৫ ডলারে নেমেছিল। গত ২০ জুলাইয়ের পর এটিই ছিল সর্বনিম্ন দাম।
স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হ্যাবারকর্ন বলেন, অপরিশোধিত তেলের দাম কমে আসায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি কম দামে স্বর্ণ কেনার প্রবণতাও দেখা যাচ্ছে। ফেডের সুদের হারের সিদ্ধান্ত ঘোষণার আগপর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের আশপাশে থাকতে পারে বলে মনে করেন তিনি।
গত সপ্তাহে তেলের দাম বেড়ে ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছিল। তবে সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার সম্ভাবনায় তেলের দাম কমে আসে। এতে মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। যদিও জ্বালানি সরবরাহে নতুন করে বিঘ্ন দেখা দিলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
বুধবার ফেডের সুদের হারের সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর পর এবার তা অপরিবর্তিত রাখার সম্ভাবনা বেশি বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। তবে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৮০ শতাংশ।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। এ কারণে ফেডের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত স্বর্ণের দামের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। চলতি সপ্তাহে সুদের হার অপরিবর্তিত রাখার ইঙ্গিত থাকলেও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে এই বিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।
এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্য প্রকাশের কথা রয়েছে। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ফেডের পছন্দের এই সূচকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এর মাধ্যমে সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে নতুন ধারণা পাওয়ার আশা করছেন তারা।
এ ছাড়া ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে রয়েছে। নির্বাচনের ফলাফল দেশটির রাজস্বনীতি, শুল্ক, ভূরাজনৈতিক ব্যয় ও নীতিগত অনিশ্চয়তার ওপর কী প্রভাব ফেলে, তা মূল্যায়ন করছেন বিশ্লেষকেরা। এসব বিষয় মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার, ডলারের বিনিময়মূল্য এবং স্বর্ণের বাজারকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছে ওসিবিসির বিশ্লেষকেরা।
আরও পড়ুন
- ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১০ ডলার
- আজ সারাদেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, ২২ ক্যারেটে বাড়ল ২ হাজার ৫৮৪ টাকা
- বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
- কমল সোনার দাম
- বিমানবন্দরে একদিনে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার
- বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম