হরমুজ প্রণালিতে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:৪৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:৪৫ এএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার। ‘এমটি আল দাসমা’ নামের জাহাজটিতে ২১ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন ক্রুরা। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জাহাজে থাকা সব নাবিক নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
বুধবার (২১ অক্টোবর) হরমুজ প্রণালি অতিক্রমের সময় ট্যাংকারটিতে একটি ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হানে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা নজরদারি সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের বুখা উপকূল থেকে প্রায় ১১ সামুদ্রিক মাইল পশ্চিমে এ ঘটনা ঘটে।
কুয়েতি সংবাদমাধ্যম টাইমস কুয়েতের বরাতে জানা গেছে, হামলার পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার পর জাহাজটি ওই এলাকাতেই অবস্থান করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানান, ২১ জন ভারতীয় নাবিকসহ জাহাজের সব ক্রু নিরাপদে রয়েছেন।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিশ্ববাজারে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।
আরও পড়ুন
- সৌদিতে আরামকোর তেল স্থাপনায় ড্রোন হামলা, নিহত ২
- মোদির বাসভবনের কাছে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদের নোটিশ
- ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা-লুটপাট, সেনা মোতায়েন
- ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫০, আহত দুই শতাধিক
- সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
- মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল ১২ জনের
- রমুজে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন
- ভারতে ‘বাংলাদেশের আদলে সরকার পতনের ষড়যন্ত্র’ চলছে: রাজনাথ সিং