মোদির বাসভবনের কাছে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদের নোটিশ
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১০:৫৪ এএম | আপডেট: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১০:৫৪ এএম
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছে অবস্থিত ঐতিহাসিক রেস কোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে দেশটির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)। জমিটিকে ‘অনুমোদনহীন’ দাবি করে এ নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার।
প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী সম্পত্তির তালিকায় থাকা মসজিদটির বিদ্যুৎ ও পানির সংযোগ গত ৭ অক্টোবর বিচ্ছিন্ন করে দেওয়া হয়। জমিটি সরকারি মালিকানাধীন দাবি করে মসজিদটির ঐতিহ্যবাহী স্থাপনার স্বীকৃতি নিয়েও প্রশ্ন তুলেছে এনডিএমসি। এর পরিপ্রেক্ষিতে উচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
মসজিদ ও এর পাশের কবরস্থান রক্ষায় হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে যোগাযোগ করেছে জমিয়ত উলামায়ে হিন্দ। সংগঠনটির প্রতিনিধি মোহাম্মদ হাকিমুদ্দিন কাসমি জানান, ১৯৭৭ সালের দিল্লি গেজেট এবং সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের তালিকায় মসজিদটিকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রিজিজু সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
মসজিদের ইমাম মোহাম্মদ হারুন দিল্লি ওয়াকফ বোর্ডের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, গত ছয় মাস ধরে বিষয়টি জানানো হলেও বোর্ড এনডিএমসিকে চিঠি দেওয়া ছাড়া কার্যকর কোনো আইনি পদক্ষেপ নেয়নি। বর্তমানে মসজিদে প্রবেশের পথ অবরুদ্ধ এবং পানীয় জলের সংস্থানও বন্ধ রয়েছে বলে জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, রেস কোর্স রোডসংলগ্ন এলাকায় উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে মসজিদটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই দিনে দিল্লি হাইকোর্ট ওই এলাকার বস্তিবাসীদের উচ্ছেদ করে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সাবদা ঘেভরা পুনর্বাসন এলাকায় স্থানান্তরের অনুমতি দিয়েছেন।
সূত্র: দ্য ওয়্যার
আরও পড়ুন
- ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা-লুটপাট, সেনা মোতায়েন
- ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫০, আহত দুই শতাধিক
- সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
- মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল ১২ জনের
- রমুজে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন
- ভারতে ‘বাংলাদেশের আদলে সরকার পতনের ষড়যন্ত্র’ চলছে: রাজনাথ সিং
- ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, গ্রেপ্তার ১,২৬০
- ইয়েমেনে প্রেসিডেনশিয়াল প্যালেসে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২