এমবাপের জোড়া গোল, সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারাল রিয়াল
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১১:২১ এএম | আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১১:২১ এএম
সান্তিয়াগো বার্নাবেউয়ে সেভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের জোড়া গোলের পাশাপাশি আর্দা গ্যুলার ও ইয়ান দিওমান্দের একটি করে গোলে বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।
ম্যাচের শেষ দিকে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও। চোটের কারণে প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকার পর তাঁর প্রত্যাবর্তনে গ্যালারিতে উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত জানান তাঁকে। এদিকে ম্যাচ চলাকালে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস, বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা ও নেগ্রেইরা কাণ্ড নিয়ে প্রতিবাদী স্লোগান দেন রিয়াল সমর্থকেরা।
ম্যাচের ৩০তম মিনিটে দুর্দান্ত এক প্রতি-আক্রমণ থেকে এগিয়ে যায় রিয়াল। জুড বেলিংহ্যামের শুরু করা আক্রমণে ইয়ান দিওমান্দের কাছ থেকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন তুর্কি মিডফিল্ডার আর্দা গ্যুলার।
সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। বেলিংহ্যামের ব্যাকহিল পাস পেয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ে সেভিয়ার ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল সেভিয়া। ৬০তম মিনিটে জোয়াও ফেলিক্সের অ্যাক্রোবেটিক শট গোললাইন থেকে হেড করে ফিরিয়ে দেন ফেদে ভালভার্দে। তিন মিনিট পর পেনাল্টি পায় রিয়াল। বক্সের মধ্যে ফাউলের শিকার হয়ে স্পটকিক নেওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন এমবাপে। পানেঙ্কা কৌশলে গোল করে দলের ব্যবধান ৩-০ করেন তিনি।
৮০তম মিনিটে মানু বুয়েনোর গোলে ব্যবধান কমায় সেভিয়া। তবে দুই মিনিট পরই একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন ইয়ান দিওমান্দে।
এই জয়ের মধ্য দিয়ে চলতি মৌসুমে সান্তিয়াগো বার্নাবেউয়ে খেলা ছয়টি ম্যাচের সবকটিতেই জয়ের রেকর্ড ধরে রাখল রিয়াল মাদ্রিদ।
মোজাহিদ/দিনকাল
আরও পড়ুন
- বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- কান্না, করতালি আর ভালোবাসায় মেসির আর্জেন্টিনা-অধ্যায়ের শেষ
- বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
- পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ফাইনাল স্বপ্নভঙ্গ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ আজ, ঘুরে দাঁড়াতে মাঠে নামছে লাল-সবুজের দল
- সালাহর হ্যাটট্রিকে গালাতাসারেইকে ৪-০ গোলে উড়িয়ে দিল ত্রাবজোনস্পোর
- আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি