1. »
  2. জাতীয়

মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১০:০৩ এএম | আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১০:০৩ এএম

মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার রাজশাহী সফরে যাচ্ছেন। সফরকালে তিনি নগরীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জনসভায় বক্তব্য দেবেন। পাশাপাশি রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার মণ্ডপও পরিদর্শন করবেন।

গতকাল রোববার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন এ তথ্য জানান। 

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সরকারি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টায় ঐতিহাসিক মাদরাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে রাসিক প্রশাসক ইতিমধ্যে মাদরাসা ময়দান পরিদর্শন করেছেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, রাজশাহীর সামগ্রিক উন্নয়নে বিএনপি বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুল গফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি, বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ।

এ ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে।

রাসিক প্রশাসক আরও জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদরাসাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনায় স্থানীয় সংসদ সদস্য, বিএনপি নেতারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।