1. »
  2. জাতীয়

দুপুর ২টায় পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ০৯:৫৫ এএম | আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ০৯:৫৫ এএম

দুপুর ২টায় পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক হোসেন।

পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।’

পোস্টে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নজনের প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন তিনি। ইশরাক লেখেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশ থেকে দেশে এসে তাতে অংশ নেবেন বলে আশা করেন তিনি।

তিনি আরও বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, এবার বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। পোস্টের শেষাংশে মাদক নির্মূলের ওপর জোর দেন ইশরাক।

এর আগে রোববার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি লেখেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিসভার কোনো সদস্যের পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ এলে তা কার্যকর হওয়ার বিষয়টি প্রথাগতভাবে বাধ্যতামূলক। এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুততম সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। এ সময় তাঁর নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে গাড়ি থেকে নেমে তাঁকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করতে দেখা যায়।

ভিডিওতে প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা দেহরক্ষীদের কয়েকজনকে লোকজনকে ধরতে দৌড়াতে দেখা যায়। তাঁদের একজন এক তরুণকে লাথি মারেন বলেও ভিডিওতে দেখা যায়। এ সময় কয়েকজনকে নিজেদের নির্দোষ দাবি করতে শোনা যায়। পরে আরেকটি ভিডিওতে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য দেখা যায়।

প্রকাশিত ভিডিওতে ইশরাকের হাতে পিস্তল দেখা গেলেও গুলি করার হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে তাঁর ব্যক্তিগতভাবে নিয়োগ করা দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলুর পাশাপাশি একজন সরকারি দেহরক্ষীও উপস্থিত ছিলেন।