সীমান্তে আবারও ১৪ জনকে পুশ ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১১:১৩ এএম | আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১১:১৩ এএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় এ চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১৪ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর প্রধান সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, রাতের আঁধারে দুই শিশু, দুই নারী ও আট পুরুষসহ মোট ১৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে ওই সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এতে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্রের দাবি, বিজিবির বাধার মুখে বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ওই ১৪ জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার (১৮ অক্টোবর) সকালে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। ওই ১৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার কারণ জানতে চাওয়ার পাশাপাশি ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির সতর্ক টহল দলের বাধায় তা ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- রাজধানীতে ডিএমপির অভিযানে আটক ৪৯০
- টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার
- কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য
- দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে এসআরবির ৬ হাজার সদস্য
- লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
- টঙ্গীতে আগুনের তীব্রতা বাড়ছে, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি