সংগ্রামী রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ০২:০৪ পিএম | আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ০২:০৪ পিএম
চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মধ্য বাড্ডার বাজার গলি এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রীপা গোমেজের বাসায় যায়।
প্রতিনিধি দলটি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজের বিষয়ে জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে খোঁজ নেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সেদিন ৪৭টি সীসার ছররা গুলি ও দুটি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। সবচেয়ে গুরুতর আঘাতটি লাগে তাঁর ডান চোখের কোটরে। একটি বুলেট তাঁর মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে রয়েছে।
গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দৃষ্টিশক্তির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। একদিকে নিয়মিত চিকিৎসার ব্যয়, অন্যদিকে শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগ কমে যাওয়া—সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি। চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা দিয়ে জীবিকা নির্বাহেরও চেষ্টা করছেন এই নার্স।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
আরও পড়ুন
- জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- প্রশ্নপত্রের নিরাপত্তায় রাতভর সচিবালয়ে প্রতিমন্ত্রী
- পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর ৯৮ বাস রুট কমে হবে ৩২, ছয় মাসে বাস্তবায়নের লক্ষ্য
- ৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ
- নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী