ইয়েমেনে প্রেসিডেনশিয়াল প্যালেসে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১০:৪৯ এএম | আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১০:৪৯ এএম
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের প্রেসিডেনশিয়াল প্যালেস কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তবে হামলার সময় কমপ্লেক্সে থাকা দেশটির প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি ও মন্ত্রিসভার সদস্যরা অক্ষত রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্মকর্তারা জানান, এডেনের মাশিক প্রেসিডেনশিয়াল প্যালেস কমপ্লেক্স লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি দাবি করেন, হামলায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুতিরা।
অন্যদিকে, হুতিনিয়ন্ত্রিত সাবা বার্তা সংস্থা দাবি করেছে, কমপ্লেক্সে থাকা সৌদি কর্মকর্তাদের পরিচালিত সামরিক অভিযান সদরদপ্তর ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এডেনে সৌদি সামরিক অভিযান সদরদপ্তরে হামলাটি তাদের পূর্বঘোষিত নীতির অংশ। সৌদি সামরিক সদস্যদের সমাবেশ রয়েছে, এমন স্থানে হামলা চালানোর নীতি অনুসরণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
এর আগে তিন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, প্রেসিডেনশিয়াল প্যালেস কমপ্লেক্সের আশপাশে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- রমুজে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন
- ভারতে ‘বাংলাদেশের আদলে সরকার পতনের ষড়যন্ত্র’ চলছে: রাজনাথ সিং
- ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, গ্রেপ্তার ১,২৬০
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীর মৃত্যু
- হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজ
- নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা
- সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ভবনে হুতিদের হামলা