আজ দুর্গাষষ্ঠী, দেশজুড়ে শুরু শারদীয় দুর্গাপূজা
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১০:২৩ এএম | আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১০:২৩ এএম
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার। দুর্গাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব আগামী বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
আজ সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন এবং নৌকায় বিদায় নেবেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১টি। ঢাকা মহানগরে এবার পূজার আয়োজন করা হয়েছে ২৫৮টি মণ্ডপে।
এদিকে পূজাকে ঘিরে দেশের বিভিন্ন জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পূজা উদ্যাপন সংশ্লিষ্ট সংগঠনগুলো।
উৎসব শান্তিপূর্ণ রাখতে সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েনের কথা জানিয়েছে বাহিনীটি। পাশাপাশি আনসার-ভিডিপির ২ লাখ ১২ হাজার ৮১৮ জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
বিজয়া দশমী বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
মোজাহিদ/দিনকাল