1. »
  2. জাতীয়

আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ০২:২৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ০২:২৫ পিএম

আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। 

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারেক রহমান বলেন, আব্দুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল এই নেতা জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সৈনিক ছিলেন। বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক সুদৃঢ় করতে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামেও তিনি ছিলেন রাজপথের অন্যতম বিশ্বস্ত সৈনিক।

তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে আব্দুল হাইয়ের দৃঢ় অবস্থান ও রাজনৈতিক অবদান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে। তাঁর মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতাকে হারিয়েছে। দেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্যও এ মৃত্যু অপূরণীয় ক্ষতি।

আব্দুল হাই বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।