1. »
  2. জাতীয়

রাজধানীর ৯৮ বাস রুট কমে হবে ৩২, ছয় মাসে বাস্তবায়নের লক্ষ্য

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১১:৩৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১১:৩৭ এএম

রাজধানীর ৯৮ বাস রুট কমে হবে ৩২, ছয় মাসে বাস্তবায়নের লক্ষ্য

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ঢাকার ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টিতে নামিয়ে আনা হবে। প্রতিটি রুটে থাকবে একটি করে বাস কোম্পানি। ওই কোম্পানির অধীনেই চলবে রুটের সব বাস।

বর্তমানে রাজধানীর সড়কে যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা, আগে যাওয়ার প্রতিযোগিতা এবং অন্য বাসকে আটকে দিতে সড়ক অবরোধের মতো ঘটনা নিয়মিত ঘটছে। এতে যানজট বাড়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জানিয়েছেন, সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ থাকলে ছয় মাসের মধ্যে পরিকল্পনাটি বাস্তবায়নের একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব।

তবে তাঁর মতে, পুরো ব্যবস্থাটি গতিশীল হওয়ায় বাস্তবায়নের সময় প্রয়োজন অনুযায়ী পরিকল্পনায় পরিবর্তন আনা হতে পারে।

ডিটিসিএ জানিয়েছে, এর আগে ঘাটারচর-কাঁচপুর রুটে একটি কোম্পানির অধীনে বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এবার সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি থাকায় পরিকল্পনাটি বাস্তবায়নের সম্ভাবনা বেশি বলে মনে করছে সংস্থাটি।

পরিকল্পনার অংশ হিসেবে চলতি সপ্তাহেই দুটি রুটে একক কোম্পানির অধীনে বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি আজিমপুর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বিমানবন্দর দিয়ে গাজীপুর পর্যন্ত। অন্যদিকে মোহাম্মদপুর-চট্টগ্রাম রোড এবং মিরপুর-মাওয়া করিডর নিয়ে আলোচনা চলছে।

এ উদ্যোগ বাস্তবায়নে পরিবহন মালিক সমিতিও কাজ শুরু করেছে। সরকারি নির্দেশনার পর পুরোনো ও জরাজীর্ণ বাস চিহ্নিত করা এবং নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে রাজধানীর ২০টি পয়েন্টে কার্যক্রম চলছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চেয়েছেন পরিবহন মালিকেরা।

ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পরিবহনব্যবস্থা চালু করা সম্ভব। তবে এ জন্য সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন।

পরিবহন বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ সফল করতে হলে টেকসই ব্যবসায়িক মডেল নিশ্চিত করার পাশাপাশি মালিকদের লোকসানের ঝুঁকি কমাতে হবে এবং কার্যকর নজরদারি গড়ে তুলতে হবে।

যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক বলেন, বাস রুট ফ্র্যাঞ্চাইজি কার্যকর করতে সংশ্লিষ্ট করিডরে লেগুনাসহ ছোট যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আর বিশেষজ্ঞ হাদিউজ্জামানের মতে, পরিবহন মালিকদের আর্থিক স্বার্থ সুরক্ষিত রাখা গেলে দীর্ঘ মেয়াদে এ ব্যবস্থা চালু রাখা সম্ভব।