টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ০৩:১৬ পিএম | আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ০৩:১৬ পিএম
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
তিনি বলেন, কারখানাটির সাততলা ভবনের চতুর্থ ও দ্বিতীয় তলায় আগুন লাগে। ইনজেকশনসহ জরুরি ওষুধে আগুন লাগায় শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় প্রয়োজন ছিল।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। তবে ফায়ার সার্ভিসের একজন কর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ইউনিট-২-এর সাততলা ভবনে বুধবার সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও পরিস্থিতি সামাল দিতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয় কর্তৃপক্ষ।
খবর পেয়ে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে তাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, এসআরবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরাও যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আগুন দেখতে পেয়ে কারখানার কর্মীরা নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অগ্নিকাণ্ডের কারণে ঘটনাস্থলের আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় গণপরিবহন চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
কারখানাটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীগুলোর সহায়তা নিতে হয়।
আরও পড়ুন
- ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
- টঙ্গীতে আগুনের তীব্রতা বাড়ছে, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
- টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
- নারীশিক্ষার অগ্রগতি ও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় বগুড়া ছাত্রদল সভাপতির
- সারাদেশে ১৫ ও ১৬ অক্টোবর এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
- কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৫২
- নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬
- সমুদ্রে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ৬৫ যাত্রী উদ্ধার, আটক ১১ পাচারকারী