1. »
  2. খেলার মাঠ

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১২:২৪ পিএম | আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১২:২৪ পিএম

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে প্রথমবার সুযোগ পেয়েছেন কেভিন উইকহ্যাম। 

অন্যদিকে বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপকে। চোটের ঝুঁকি বিবেচনায় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন পেসার আলজারি জোসেফ।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বোর্ডের ভাষ্য অনুযায়ী, লাল বলের ক্রিকেটে শারীরিক ধকল ও চোটের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় জোসেফের সম্মতিও রয়েছে। তবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তাঁর খেলার সম্ভাবনা পুরোপুরি বাতিল করা হয়নি।

বোর্ড আরও জানিয়েছে, বাংলাদেশে টানা দুটি টেস্ট খেলতে পেসারদের দীর্ঘ সময় ধরে গতিময় বোলিং করতে হয়। ফলে সংক্ষিপ্ত সংস্করণের তুলনায় টেস্ট ক্রিকেটে শারীরিক চাপ বেশি থাকে।

আলজারি জোসেফের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। এদিকে কাজের চাপ বিবেচনায় শাই হোপকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ২০২৭ সালের বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে তাঁকে বেছে বেছে খেলানোর পরিকল্পনা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া কেভিন উইকহ্যাম ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স করেছেন। ঘরোয়া প্রতিযোগিতায় ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করে তিনি রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ছয়টি শতকের সাহায্যে ৪০.৮৮ গড়ে রান করেছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।