সৌদির তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি হুতিদের
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ০৯:২০ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ০৯:২০ পিএম
ইয়েমেনের রাজধানী সানায় সামরিক হামলা চালানো হলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনায় পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। তাদের ঘোষিত লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে দাম্মামে অবস্থিত সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর প্রধান কার্যালয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীতে অবস্থিত আরামকোর একটি তেল শোধনাগার।
মঙ্গলবার এক বিবৃতিতে হুতিরা জানায়, সানায় হামলা হলে সৌদি আরবের এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালানো হতে পারে।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের যেকোনো তেল স্থাপনাকে তাদের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে সৌদি তেল স্থাপনাগুলোতে কর্মরত বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও শ্রমিকদের দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া আগে যেসব বিমানবন্দর ও আকাশপথকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেসব এলাকার বিমান সংস্থা, যাত্রী ও বিমানবন্দরের কর্মীদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হুতিরা।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের দীর্ঘদিনের সংঘাতের মধ্যে নতুন এই হুমকিতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।
মঙ্গলবার সকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানার আল-সাবাহা এলাকায় অবস্থিত ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কেন্দ্রীয় স্টেশন থেকে সাধারণ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়। জোটের পক্ষ থেকে বলা হয়, সম্ভাব্য সামরিক অভিযানের আগে প্রাণহানি এড়াতে এ সতর্কতা জারি করা হয়েছে।
এর পরপরই পাল্টা অবস্থান জানায় হুতিরা। সৌদি বাহিনী সানায় হামলা চালালে রিয়াদ ও দাম্মামের উল্লেখিত স্থাপনাগুলোতে আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দেয় গোষ্ঠীটি। একই সঙ্গে সাধারণ মানুষকে ওই স্থাপনাগুলো থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
- দিল্লিতে বিক্ষোভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
- যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪
- রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা বাংলাদেশের
- আবারও রাহুল-প্রিয়াঙ্কাকে আটকর দুই ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ নিহত ২৮
- সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩
- কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার