1. »
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:০৮ পিএম | আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:০৮ পিএম

যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪

যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে জর্জিয়া অঙ্গরাজ্যের ডগলাস শহরে পাঁচজন এবং পেনসিলভানিয়ার এরি শহরে নয়জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও এক অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় জর্জিয়ার ডগলাস শহরের একটি বাড়িতে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ পাঁচজনকে উদ্ধার করে। তবে তাঁদের বাঁচানো যায়নি।

একই সন্ধ্যায় পেনসিলভানিয়ার এরি শহরে আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীসহ মোট নয়জনের মৃত্যু হয়। শহর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁদের সবার মৃত্যু হয়েছিল। এরপর আর কোনো গুলির ঘটনা ঘটেনি।

এরি শহরে গুলির শব্দ শনাক্তকারী ‘শটস্পটার’ প্রযুক্তির মাধ্যমে পুলিশকে সতর্ক করা হয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাইক্রোফোনের নেটওয়ার্ক ব্যবহার করে এ প্রযুক্তি গুলির শব্দ শনাক্ত করে। তবে প্রযুক্তিটির ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, তিনি এরির মেয়রের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় তাঁর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন।

এরি পুলিশের প্রধান রিক লোরাহ বলেন, হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনাটিকে শহরের জন্য অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক উল্লেখ করে তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীও মারা গেছেন। বর্তমানে সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই বলে পুলিশের কাছে থাকা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে একাধিক ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটানো বন্দুক হামলাকে সাধারণত ‘ম্যাস শুটিং’ বলা হয়। তবে এ ধরনের ঘটনার সংজ্ঞা নিয়ে সর্বজনস্বীকৃত কোনো মানদণ্ড নেই। প্রচলিত বিভিন্ন সংজ্ঞায় হামলাকারীকে বাদ দিয়ে তিন বা চারজন কিংবা তার বেশি মানুষের গুলিতে নিহত হওয়ার ঘটনাকে এ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়।