1. »
  2. সমগ্র দেশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৫২

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ০৯:২৪ এএম | আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ০৯:২৪ এএম

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৫২

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ২৫২ জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। কুমিল্লা নগরীসহ বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিদের অপরাধে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আলোচনা জোরালো হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় পুলিশ ও ডিবির সমন্বয়ে অভিযান শুরু হয়।

জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সর্বশেষ পাঁচ ধাপের অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের অধিকাংশই শিক্ষার্থী। বাকি ৬২৬ জনকে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।