1. »
  2. রাজনীতি

মৃত্যুর গুজব, বাসায় চিকিৎসা নিচ্ছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ০৯:১৮ এএম | আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ০৯:১৮ এএম

মৃত্যুর গুজব, বাসায় চিকিৎসা নিচ্ছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া জীবিত ও সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির। বর্তমানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় অবস্থান করছেন তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন এই প্রবীণ রাজনীতিক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত সহকারী আবির।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে তাঁর সহকারী জানান, নামের মিল থাকায় এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জুনিয়র আইনজীবী রফিকুল হোসেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরে মিরপুরে তাঁর দাফনের ব্যবস্থা করা হয়।

আবির জানান, নামের মিলের কারণে জুনিয়র আইনজীবীর মৃত্যুর খবরটি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর হিসেবে ছড়িয়ে পড়ে। 

তিনি বলেন, ‘স্যার আগের চেয়ে ভালো আছেন। তবে বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে। তাঁকে নিয়মিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এ কারণে ধানমন্ডির বাসা ছেড়ে হাসপাতালের কাছাকাছি বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা নেওয়া হয়েছে।’

জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জিয়াউল হকের অধীনে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই মন্ত্রী।

এর আগে তাঁর অসুস্থতার খবর পেয়ে গত ৩০ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত বছরের ২ মার্চ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদা রফিক মারা যান।

ra