1. »
  2. আন্তর্জাতিক

আবারও রাহুল-প্রিয়াঙ্কাকে আটকর দুই ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:৪৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:৪৩ এএম

আবারও রাহুল-প্রিয়াঙ্কাকে আটকর দুই ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে যাওয়ার পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) যন্তর মন্তরে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এ নিয়ে টানা দুই দিনে তৃতীয়বারের মতো পুলিশের হাতে আটক হলেন রাহুল গান্ধী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট বুধবার যন্তর মন্তরে কর্মসূচি পালন করে। সেখানে যোগ দিতে যাওয়ার সময় রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজন সাংসদকে আটকে দেয় পুলিশ।

রাহুল গান্ধীর অভিযোগ, প্রায় ৩০০ জন সাংসদ নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। তাঁর দাবি, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের উদ্বেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।

বিক্ষোভে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, তাদের সম্মিলিত কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

এর আগে মঙ্গলবারও নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল এবং পরে আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজনকে আটক করেছিল দিল্লি পুলিশ।

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধী দলগুলোর অভিযোগের মধ্যেই কংগ্রেসের এই ধারাবাহিক আন্দোলন চলছে।