কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:১৮ এএম | আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:১৮ এএম
কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। জাহাজটি থেকে ২৩ ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের সোচি শহরের কাছাকাছি সাইরিয়াস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রুশ পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী আফ্রাম্যাক্স রিও নামের তেলবাহী জাহাজটিতে সমুদ্রে ব্যবহারের উপযোগী একটি ড্রোন আঘাত হানে।
হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়লে বিপদের মধ্যে পড়েন নাবিকরা। খবর পেয়ে রাশিয়ার কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে থাকা ২৩ নাবিকই ভারতীয় নাগরিক। আগুনের তীব্রতার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়লেও শেষ পর্যন্ত সবাইকে জীবিত ও অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
নাবিকদের উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছে রাশিয়ার দমকল বাহিনীর কয়েকটি ইউনিট। তারা জাহাজে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সমুদ্রের মধ্যে জাহাজটি আগুনে পুড়ছে এবং সেটি থেকে বিপুল পরিমাণ কালো ধোঁয়া বের হচ্ছে।
হামলার পর সাইরিয়াস এলাকার সমুদ্রসৈকতগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে রুশ অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর ইউক্রেনের নজরদারি ও নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আসায় হামলার পেছনে ইউক্রেনের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন
- পরমাণু চুক্তি চাইলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: ভ্যান্স
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন, অবরুদ্ধ ১,৮৯১ হাইস্কুল
- বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন আটক
- শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান
- আবাসন সংকটসহ নানা দাবিতে স্পেনে লাখো মানুষের বিক্ষোভ
- ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় বাদ দিয়েছে: ট্রাম্প
- সানা-সহ ইয়েমেনের চার এলাকায় সৌদির বিমান হামলা
- ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নীতিতে ৭১% মার্কিন নাগরিকের অসন্তোষ