1. »
  2. আন্তর্জাতিক

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন, অবরুদ্ধ ১,৮৯১ হাইস্কুল

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ০৮:০৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ০৮:০৯ পিএম

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন, অবরুদ্ধ ১,৮৯১ হাইস্কুল

শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও বিনিয়োগের দাবিতে ফ্রান্সজুড়ে শিক্ষার্থী, অভিভাবক এবং ট্রেড ইউনিয়নের সদস্যদের আন্দোলন তীব্র হয়েছে। বিক্ষোভের কারণে দেশটির বিভিন্ন এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে।

বিবিসির লাইভ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আন্দোলনের প্রভাবে দেশটির ১ হাজার ৮৯১টি হাইস্কুল বর্তমানে অবরুদ্ধ রয়েছে অথবা কর্তৃপক্ষ সেগুলো বন্ধ করে দিয়েছে। একই সময়ে প্রায় ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়ও বিক্ষোভের কারণে কার্যত অচল হয়ে পড়েছে।

ল’ইউনিয়ন এটুডিয়ান্টের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী প্যারিসের পাশাপাশি মার্সেই, নিস, নান্তেস ও লিয়োঁসহ ৩০টির বেশি শহরে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিবিসির প্রতিবেদক নিক বিক জানান, লিলি শহরে আন্দোলনকারীরা কয়েকটি ময়লার বিনে আগুন ধরিয়ে দেন। প্যারিসের এক শিক্ষার্থী নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি এ পরিস্থিতিতে খুবই ভীত।

এদিকে ফ্রান্স সরকার সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নেওয়ায় বিক্ষোভকারীদের দাবিগুলো কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে অর্থ সংকোচনের চাপ, অন্যদিকে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর দাবি—দুইয়ের মধ্যে সরকারকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

এর আগেও গত সপ্তাহে ফ্রান্সের কয়েকশ স্কুল অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। ওই সময় সংঘর্ষ ও বিক্ষোভে অন্তত ২১৫ জন আহত হন এবং পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।