আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:৩১ এএম | আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:৩২ এএম
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মেলায় আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নিয়েছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
এর আগে একই স্থানে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী।
আলোচনা সভায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে দেশের মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- দেশের সব হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
- আগামী শিক্ষাবর্ষে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- নিরাপদ, পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগর গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রোপণ করলেন স্বর্ণচাঁপা
- বিমানের বহরে আসছে ১১ এয়ারবাস, চুক্তি ৭ অক্টোবর
- অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান