বিমানের বহরে আসছে ১১ এয়ারবাস, চুক্তি ৭ অক্টোবর
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:১৮ এএম | আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:১৮ এএম
বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১১টি এয়ারবাস। এসব উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক চুক্তি আগামী ৭ অক্টোবর ঢাকায় সই হতে যাচ্ছে।
রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে বুধবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন।
চুক্তিতে এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ারের নেতৃত্বে এয়ারবাসের প্রতিনিধিরা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাট এবং বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকার কথা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, নতুন এয়ারবাসগুলোর মধ্যে দীর্ঘপাল্লার উড়োজাহাজ আন্তর্জাতিক রুটে এবং অপেক্ষাকৃত ছোট দূরত্বের উড়োজাহাজ আঞ্চলিক গন্তব্যে পরিচালনা করা হবে। এগুলোর সরবরাহ ধাপে ধাপে ২০৩৩ সাল থেকে শুরু হয়ে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে।
নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে দীর্ঘদিন ধরে মূলত বোয়িংনির্ভর বিমানের বহরে বড় ধরনের পরিবর্তন আসবে। অর্থাৎ ভবিষ্যতে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ দিয়েও যাত্রী পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিমান কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানিয়েছিল বিমান। এয়ারবাসের নতুন উড়োজাহাজ যুক্ত হলে পরিকল্পনাধীন নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৬টিতে।
তবে নতুন উড়োজাহাজগুলো হাতে পাওয়ার আগ পর্যন্ত বহরের সক্ষমতা ধরে রাখতে স্বল্পমেয়াদি ভিত্তিতে উড়োজাহাজ ইজারা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
আরও পড়ুন
- আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিরাপদ, পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগর গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রোপণ করলেন স্বর্ণচাঁপা
- অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান
- মদিনায় হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের
- বিশ্বনেতাদের সঙ্গে ট্রাম্পের ছবিতে একই পোজ, কারণ কী
- নতুন উচ্চতায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র, উৎপাদন ছাড়াল ১ হাজার ৩২১ মেগাওয়াট
- এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারানো পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান