ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় বাদ দিয়েছে: ট্রাম্প
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১০:৪২ এএম | আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১০:৪২ এএম
ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা থেকে প্রায় পুরোপুরি সরে এসেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়েও মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় শনিবার ওহাইও অঙ্গরাজ্যে একটি সমাবেশে যোগ দিতে হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
রবিবার (৪ অক্টোবর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ট্রাম্পের দাবি, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। তবে তেহরান এখন সেই উদ্দেশ্য থেকে প্রায় সরে এসেছে। যদিও ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তেলের দাম কমছে। এখন তেলের দাম কম। বাইডেন প্রশাসনের সময়ের চেয়েও এখন দাম কম। অথচ তারা ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে কিছুই করেনি।’
ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ইরান, আপনারা জানেন, পরমাণু অস্ত্র তৈরির সব পরিকল্পনাই প্রায় ছেড়ে দিয়েছে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দীর্ঘ সময় ঊর্ধ্বমুখী ছিল। এমন পরিস্থিতিতে তেলের দাম কমার বিষয়টি তুলে ধরে নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দেন মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে, পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে তেহরান। ইরানের বক্তব্য, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে।
গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ধর্মীয় বিধিনিষেধের কারণে ইরান পরমাণু অস্ত্র তৈরির পক্ষে নয়। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় দেশটির মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ কমানোর প্রস্তাব দেন তিনি।
তবে তেহরান স্পষ্ট করেছে, তাদের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত এ কর্মসূচির কাঠামোগত পরিবর্তনেও সম্মত নয় ইরান।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন
- আবাসন সংকটসহ নানা দাবিতে স্পেনে লাখো মানুষের বিক্ষোভ
- সানা-সহ ইয়েমেনের চার এলাকায় সৌদির বিমান হামলা
- ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নীতিতে ৭১% মার্কিন নাগরিকের অসন্তোষ
- মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে হামলার অভিযোগ
- হরমুজ প্রণালির ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প
- ইথিওপিয়ায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৫২
- দুই দশক পর পুরোপুরিভাবে ইরাক ছাড়ল মার্কিন সেনারা
- মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা