সানা-সহ ইয়েমেনের চার এলাকায় সৌদির বিমান হামলা
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১১:২৬ এএম | আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১১:২৬ এএম
ইয়েমেনের রাজধানী সানা ও আরও তিন প্রদেশে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। গতকাল বৃহস্পতিবার এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।
শুক্রবার (২ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, হুতিদের ভাষ্য অনুযায়ী সানা ছাড়াও সাদা, তাইজ ও আমরান প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এসব হামলায় কী ধরনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বা হতাহতের সংখ্যা কত, সে বিষয়ে বিস্তারিত জানায়নি গোষ্ঠীটি।
তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতিদের অবস্থান লক্ষ্য করে ২৭টি বিমান হামলা চালানো হয়েছে।
তাদের দাবি, হামলায় হুতিদের ক্ষেপণাস্ত্রের গুদাম, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, অস্ত্র ও সরবরাহের স্থাপনা, যোদ্ধাদের অবস্থান এবং সামরিক যানবাহন লক্ষ্যবস্তু করা হয়।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলির দাবি, এসব হামলায় বেশ কয়েকটি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস হয়েছে। এতে হুতিদের কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, সৌদির দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত ও জাজানের দিকে হুতিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রেও হুতি ড্রোন হামলা চালিয়েছে বলে সৌদি জোট অভিযোগ করেছে। জোটের দাবি, ওই কেন্দ্র থেকে মসজিদে নববীসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহব্যবস্থা সচল ছিল বলে দাবি করেছে তারা।
তবে মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুতিরা। তাদের দাবি, সৌদি আরব তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে।
ইয়েমেনে সাম্প্রতিক সময়ে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত আবারও তীব্র হয়েছে। জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূতও তাইজে সহিংসতা বেড়ে যাওয়ায় বেসামরিক মানুষ ও অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
আরও পড়ুন
- ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নীতিতে ৭১% মার্কিন নাগরিকের অসন্তোষ
- মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে হামলার অভিযোগ
- হরমুজ প্রণালির ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প
- ইথিওপিয়ায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৫২
- দুই দশক পর পুরোপুরিভাবে ইরাক ছাড়ল মার্কিন সেনারা
- মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা
- হরমুজ প্রণালি থেকে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
- ঝড়-বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক, নিউ জার্সিতে জরুরি অবস্থা