প্রধানমন্ত্রীর ফেনী সফরের সময়সূচি প্রকাশ
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০২:১২ পিএম | আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০২:১২ পিএম
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সফরসূচিতে এসব কর্মসূচির সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
দুপুর সাড়ে ১২টায় পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন তিনি। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করবেন এবং উপস্থিত জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ উপলক্ষে জনসভারও আয়োজন করা হয়েছে।
দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজীর উদ্দেশে রওনা হয়ে দেড়টায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে সেখানে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর সেখানে বিরতি থাকবে।
বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান করা হবে।
কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত ৯টায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা থাকলেও তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
আরও পড়ুন
- ৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ
- সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধানে সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
- একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
- হাসিনার ফাঁসির রায় দেশের জনগণ কার্যকর করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
- সারাদেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার