মূল্যস্ফীতি কমানো ও ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্যে নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৫ এএম | আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৫ এএম
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়িয়ে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানোর লক্ষ্য নিয়ে আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুদ্রানীতির ঘোষণা দেওয়া হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এছাড়া অন্যান্য ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, মুখপাত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এবারের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে। বর্তমানে দেশে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে রয়েছে। অন্যদিকে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে ৫ শতাংশের নিচে।
এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতির চাপ কমানোর সঙ্গে সঙ্গে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে অর্থের প্রবাহ বাড়ানোর মধ্যে ভারসাম্য রাখাই কেন্দ্রীয় ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ। নতুন মুদ্রানীতিতে এ দুই দিক কীভাবে সমন্বয় করা হয়, সেদিকেই থাকবে সংশ্লিষ্ট মহলের নজর।