1. »
  2. আন্তর্জাতিক

হরমুজ প্রণালি থেকে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২১ এএম | আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২১ এএম

হরমুজ প্রণালি থেকে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের

হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

রোববার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি জানায়, গোয়েন্দা তৎপরতা ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত অভিযানের মাধ্যমে ড্রোনটি জব্দ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে একটি উন্নতমানের চালকবিহীন পানির নিচের যান জব্দের কথা জানিয়েছে। আইআরজিসির দাবি, ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে হরমুজ প্রণালিতে তৎপরতা চালাচ্ছিল।

ইরানি বাহিনী জানিয়েছে, জব্দ করা ড্রোনটি ‘রেমাস ৬০০’ মডেলের স্বয়ংক্রিয় পানির নিচের যান। বর্তমানে এটি আইআরজিসির বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে। ড্রোনটির ভেতরে থাকা তথ্য উদ্ধারের কাজ চলছে বলেও জানানো হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতেও হরমুজ প্রণালি থেকে আরেকটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছিল আইআরজিসি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আগে হরমুজ প্রণালি ছিল বৈশ্বিক তেল ও গ্যাস বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সংঘাত শুরুর পর ইরান প্রণালিটি অবরোধ করে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রও ইরানের কয়েকটি বন্দরে পাল্টা অবরোধ আরোপ করেছে বলে জানানো হয়েছে।

সূত্র: এএফপি।