স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট: ৯ জন গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫১ এএম | আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫১ এএম
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় লুট হওয়া মালামালের দুই ট্রাক উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া লুট হওয়া মালামালের মধ্যে দুই ট্রাক উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করা হয়।
পরে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। হামলার পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য মাতৃ ও শিশুসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছিল।
আরও পড়ুন
- ফের কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬
- এমপি গাজী নজরুলের বাসা থেকে নিহত দ্বিতীয় স্ত্রীর চাঞ্চল্যকর চিঠি উদ্ধার
- যাত্রাবাড়ীতে পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার
- অপ্রতিমের জানাজা সম্পন্ন
- স্ত্রী সৌদিতে যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু
- বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, ৬১ মামলা