প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল: মাহদী আমিন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৬ এএম | আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৬ এএম
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল হয়েছে বলে মন্তব্য করেছেন তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেছেন, দ্বিপক্ষীয় স্বার্থ বিবেচনায় রেখেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এসব কথা বলেন মাহ্দী আমিন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান ও বক্তব্য সুদৃঢ়ভাবে তুলে ধরেছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও তাঁকে সাদরে গ্রহণ করেছেন।
মাহ্দী আমিন আরও বলেন, সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতে চলবে এবং এ ধরনের কর্মকাণ্ড সরকার কঠোরভাবে দমন করবে।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বলেন, নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না। তাঁর মতে, এটি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের একটি ইঙ্গিত।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে আমরা কতটুকু সফল হয়েছি, তা আপনারা দেখেছেন। তিনি দিনরাত নিরলস পরিশ্রম করে এই সফরকে সফল করেছেন।
প্রেস উইংয়ের সদস্যরা জানান, পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী বিশ্বদরবারে বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। পাশাপাশি তাঁর ভাষণের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকারমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
আরও পড়ুন
- ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশন্স লিগ শুরু স্পেনের
- দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
- জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবাধিকারের পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
- জানুয়ারির মধ্যে দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
- দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
- ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম ফের চালু