1. »
  2. জাতীয়

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭ এএম | আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৭ এএম

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়াকেই এ সংকটের একমাত্র সমাধান হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে। তাই সংকটের সমাধানও সেখানেই নিহিত। আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে অদূর ভবিষ্যতে পরিস্থিতি বড় ধরনের মানবিক সংকটে রূপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নয় বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিতে হচ্ছে। এর ফলে দেশের সম্পদ, পরিবেশ ও নিরাপত্তার ওপর যেমন চাপ তৈরি হয়েছে, তেমনি স্থানীয় জনগোষ্ঠীকেও ব্যাপক চাপ মোকাবিলা করতে হচ্ছে।

রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ও কার্যকর সহযোগিতা কামনা করেন তারেক রহমান।

একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া পর্যন্ত তাদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।