1. »
  2. অপরাধ

সেতুতে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৭ পিএম

সেতুতে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন সেতুর স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশ ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. হাসমত আলী বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী। তিনি প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় মাইজখাড়া জিপিএস সড়কে নির্মাণাধীন ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুর কাজ তদারকির দায়িত্বে ছিলেন।

এলজিইডির অফিস আদেশে বলা হয়েছে, সেতু নির্মাণে স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ঘটনায় জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলজিইডি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আদেশে আরও বলা হয়, আর্থিকভাবে লাভবান হওয়ার অসদুদ্দেশ্যে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে হাসমত আলী রডের পরিবর্তে বাঁশ এবং স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছেন বলে প্রতীয়মান হয়েছে।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধিতে বর্ণিত অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। আদেশটি জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।