1. »
  2. জাতীয়

নভেম্বরে তফসিল, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৪ পিএম

নভেম্বরে তফসিল, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি

পরীক্ষাসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রায় ৪০ থেকে ৪৫ দিন আগে, অর্থাৎ নভেম্বরে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পাবলিক পরীক্ষা বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণের কথা ভাবছে কমিশন। শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। আশা করা হচ্ছে, জানুয়ারি থেকে নির্বাচন শুরু করা যাবে।

তিনি বলেন, রমজান, ঈদ, পূজা, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

নির্বাচনের তারিখ পেছানোর ক্ষেত্রে সরকারের কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, কোনো চাপের কারণে কমিশন তারিখ পেছায়নি। বাস্তবতা, আইন ও সংবিধান বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আইনের ভেতর থেকে সংবিধান অনুযায়ী কাজ করতে চায় ইসি। নির্বাচন কমিশন কখনও কারও চাপে পড়ে কোনো কাজ করেনি।’

তফসিল প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো তারিখই চূড়ান্ত নয়। আগামী জানুয়ারিতে ভোট আয়োজনের পরিকল্পনা থাকলে তার ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হতে পারে। সে হিসেবে নভেম্বরে তফসিল দেওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশনার আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীও দায়িত্ব পালন করে। তাই সার্বিক প্রস্তুতি ও বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজন করা হবে।