1. »
  2. জাতীয়

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ এএম

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন তিনি।

বাংলাদেশ সময় অনুযায়ী ভাষণটি হবে ২৫ সেপ্টেম্বর ভোর ৩টা ৩০ মিনিটের দিকে। তবে জাতিসংঘের কর্মসূচির ওপর নির্ভর করে সময় কিছুটা পরিবর্তিত হতে পারে। প্রধানমন্ত্রীর ভাষণের জন্য প্রায় ১৫ মিনিট সময় বরাদ্দ রয়েছে।

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ মঞ্চে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয় গুরুত্ব পাবে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন। ভাষণে বাংলাদেশের অর্থনীতি, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সম্পর্কের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেতে পারে।

ভাষণের এক দিন আগে বুধবার জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সংকট সমাধানে জরুরি পদক্ষেপের প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন শুধু সহমর্মিতা প্রকাশ নয়, সংকটের মূল কারণ চিহ্নিত করে সমাধানের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপে এবং বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা থেকে বাস্তুচ্যুতির অবসানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে উল্লেখ করে তিনি তাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ এবং মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করছেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন সহযোগিতা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। জ্বালানি সংকটসহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ও আলোচনায় আসে।

সফরে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচি রয়েছে।

সফরের বিভিন্ন কর্মসূচিতেও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। ভুটান, মালদ্বীপ ও হাইতির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমানের ভাষণের মধ্য দিয়ে জিয়া পরিবারের এই আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতির ধারাবাহিকতায় নতুন অধ্যায় যুক্ত হচ্ছে।

তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবার ভাষণ দেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর প্রথমবারের মতো সাধারণ পরিষদে বক্তব্য দেন। এবার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের মঞ্চে বক্তব্য দেবেন তারেক রহমান।