1. »
  2. দূর্ঘটনা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাত স্বজনকে নিয়ে মাইক্রোবাসে করে আক্কেলপুরে যাচ্ছিলেন।

ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ফেরদৌস ও যাত্রী জুবায়েদুল নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।