1. »
  2. জাতীয়

নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল অবকাঠামো গড়ছে বাংলাদেশ: রেহান আসাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৫ এএম | আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৫ এএম

নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল অবকাঠামো গড়ছে বাংলাদেশ: রেহান আসাদ

বাংলাদেশ প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) গড়ে তুলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ।

তিনি বলেন, বাংলাদেশ প্রযুক্তিনির্ভর ডিজিটাল পরিচয় ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তুলতে যাচ্ছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের ডিজিটাল ও উদীয়মান প্রযুক্তি কার্যালয় (ওডিইটি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে ‘অ্যাডভান্সিং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গ্লোবালি উইথ সেফগার্ডস’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে রেহান আসাদ দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

আয়োজকদের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের নেওয়া উদ্যোগের প্রশংসা করা হয়। পাশাপাশি বৈশ্বিক ডিপিআই সুরক্ষা কাঠামোর সঙ্গে বাংলাদেশের উদ্যোগকে আরও সম্পৃক্ত করার বিষয়টিও গুরুত্ব পায়।