1. »
  2. জাতীয়

বাড়ল বাস ভাড়া

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:২৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:২৫ পিএম

বাড়ল বাস ভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দূরপাল্লা, ঢাকা ও চট্টগ্রামসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর নতুন ভাড়া কার্যকর হবে।

এর আগে সোমবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

বৈঠকে দ্রুত প্রজ্ঞাপন জারির অনুরোধ জানান পরিবহন মালিকরা। তারা বলেন, প্রজ্ঞাপন জারি না হলে বাড়তি দামে জ্বালানি কিনে বিভিন্ন রুটে ভাড়া আদায়ের ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধি বিবেচনায় নিয়ে বাসভাড়া বাড়ানো হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশসহ অন্যান্য খরচও বেড়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির হারের ভিত্তিতে ভাড়া সমন্বয়ে তারা একমত হয়েছেন।

রোববার রাতে সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। বাসসহ অধিকাংশ গণপরিবহন ডিজেলচালিত হওয়ায় এতে পরিবহন ব্যয় বেড়েছে।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪৩ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা।

নতুন ভাড়া কার্যকর হলে ১০০ কিলোমিটার দূরত্বে দূরপাল্লার বাসের মূল ভাড়া ১৭ টাকা বাড়বে। এর সঙ্গে সড়ক ও সেতুর টোল যুক্ত হলে মোট ভাড়া আরও বাড়তে পারে।