মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ, বাড়ছে সংঘাতের শঙ্কা
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪ পিএম | আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪ পিএম
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস। একই সঙ্গে কোনো কারণেই ইরান ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে হামলা ও সংঘাতে জড়িয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়েছে। চলমান সামরিক পরিস্থিতি দ্রুত আরও বড় সংঘাতে রূপ নিতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই এমন সতর্কবার্তা এলো। এর আগে ইরানকে ‘পুরোপুরি উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এর আগে শনিবার নির্ধারিত সময়ের আগেই ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফিরে আসেন ট্রাম্প। পরে তিনি জানান, ইরান নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছেন। একই সঙ্গে সামনে ‘খুব বড় কিছু’ ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ট্রাম্পের এমন বক্তব্যের পর সম্ভাব্য মার্কিন বিমান হামলার প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ডের দাবি, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সম্ভাব্য যৌথ সামরিক পদক্ষেপের বিষয়ে তারা গোয়েন্দা তথ্য পেয়েছে।
ইরান জানিয়েছে, তাদের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, স্বার্থ ও মিত্রদের লক্ষ্য করে পালটা হামলা চালানো হবে।
এদিকে ইরানকে ঘিরে মার্কিন নৌ অবরোধও জোরদার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও বিরোধ রয়েছে। প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অবস্থান বজায় রেখেছে ইরান।
সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন
- ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা
- সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
- রাশিয়ার ওপর ৫০০, ভারতসহ কয়েকটি দেশে ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা ট্রাম্পের
- সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, তিনজনই শিশু
- হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ইরানের হামলা
- যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
- নাইজেরিয়ায় বিষাক্ত দেশি মদ পান করে ৪৮ জনের মৃত্যু
- ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ