1. »
  2. আন্তর্জাতিক

রাশিয়ার ওপর ৫০০, ভারতসহ কয়েকটি দেশে ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা ট্রাম্পের

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪১ এএম | আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৫ এএম

রাশিয়ার ওপর ৫০০, ভারতসহ কয়েকটি দেশে ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা ট্রাম্পের

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের আইন কার্যকর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নতুন আইনে রাশিয়া থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথও খোলা হয়েছে।

এতে ভারত ও চীনসহ রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে যুক্ত কয়েকটি দেশ নতুন মার্কিন শুল্কের সম্ভাব্য চাপের মুখে পড়তে পারে।

‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি এর আগে মার্কিন কংগ্রেসে পাস হয়। পরে ট্রাম্প এতে স্বাক্ষর করায় এটি আইনে পরিণত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনের আওতায় রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রয়েছে। এর ফলে রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা ভারত ও চীনের মতো দেশগুলো মার্কিন বাণিজ্যিক পদক্ষেপের মুখে পড়তে পারে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ওপর কঠোর শুল্ক ও বিভিন্ন বিধিনিষেধ আরোপের পাশাপাশি দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোকেও আইনের আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পকে দেওয়া হয়েছে।

বিলটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ২৬২-১৫৯ ভোটে পাস হয়।

আইন অনুযায়ী, রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভিন্ন বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে।

নতুন মার্কিন আইনের আওতায় ভারত ছাড়াও চীন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সিঙ্গাপুর, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো দেশগুলোও প্রভাবিত হতে পারে। এসব দেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং কয়েকটি দেশ রাশিয়া থেকে তেলও আমদানি করে।

তবে মার্কিন কংগ্রেসে একটি সংশোধনী প্রস্তাবে নির্দিষ্ট কয়েকটি দেশের নাম শুল্ক বা বিধিনিষেধের তালিকায় যুক্ত করার কথা বলা হলেও শেষ পর্যন্ত সেই প্রস্তাব আইনে অন্তর্ভুক্ত হয়নি।