বিশ্ববাজারে আজও কমল তেলের দাম
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৯ এএম | আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৯ এএম
মধ্যপ্রাচ্য থেকে পরিশোধিত ও অপরিশোধিত তেল বিশ্ববাজারে পৌঁছাতে বিকল্প পরিবহনপথ ব্যবহারের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা চললেও তেলের বাজারে দরপতন দেখা যায়।
আজ শুক্রবার লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমে যায়। এর মধ্য দিয়ে টানা তিন কার্যদিবস তেলের দাম কমল।
বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০১ ডলার বা ১ শতাংশ কমে ১০৩ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দাম ১ দশমিক ০৩ ডলার বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৮৮ ডলারে নেমেছে।
এর আগের দিন বৃহস্পতিবারও আন্তর্জাতিক বাজারে তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দাম প্রায় ১ শতাংশ করে কমেছিল।
বৃহস্পতিবার সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সীমান্ত এলাকায় নতুন করে হামলা-পাল্টা হামলা হয়। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে।
তবে তেল ব্যবসায়ীরা মনে করছেন, এসব সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আপাতত কম। বিকল্প পরিবহনপথ ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হবে—এমন প্রত্যাশাই দামের ওপর চাপ তৈরি করেছে।
তবে দাম কমলেও আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।