ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২২ এএম | আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২২ এএম
ইরানে যুক্তরাষ্ট্রের চালানো দুটি বিমান হামলায় অন্তত ১৭৮ বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায় যুদ্ধাপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন। একই সঙ্গে ২০২৫ সালের শেষ দিক ও চলতি বছরের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপকে মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের তদন্ত অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরুর দিন মিনাব শহরের শাজারেহ তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন বাহিনী টোমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় ১২০ শিশুসহ দেড় শতাধিক মানুষ নিহত হন।
তদন্তে বলা হয়েছে, স্যাটেলাইট ছবি, বিদ্যালয়ের দেয়ালের চিত্রকর্ম এবং শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন আলামত থেকে স্থাপনাটি যে বেসামরিক প্রতিষ্ঠান, তা সহজেই শনাক্ত করা সম্ভব ছিল। এরপরও হামলার আগে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
একই দিনে লামার্দ শহরের একটি ক্রীড়া কমপ্লেক্স ও আবাসিক এলাকায়ও হামলা চালানো হয়।
জাতিসংঘের তথ্যানুসন্ধান অনুযায়ী, ওই হামলায় প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র থেকে টাংস্টেনের ক্ষতিকর পেলেট ছড়িয়ে পড়ে এবং ২২ বেসামরিক নাগরিক নিহত হন।
মিনাবের হামলাটিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগে ‘ভুল’ বলে মন্তব্য করেছিলেন। তবে এ ঘটনায় পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
অন্যদিকে লামার্দে হামলার অভিযোগ অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
প্রতিবেদনে ইরানের অভ্যন্তরে সরকারবিরোধী বিক্ষোভ দমনের বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের অভিযোগ, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, বেআইনি হত্যাকাণ্ড, নির্যাতন ও বিচারহীনতার মতো পদক্ষেপের মাধ্যমে বিক্ষোভ দমন করা হয়েছে।
এসব কর্মকাণ্ডকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধের শামিল বলে উল্লেখ করা হয়েছে। ইরানে বিক্ষোভ-সংশ্লিষ্ট ব্যাপক গ্রেপ্তার, নির্যাতন ও ন্যায্য বিচার নিয়ে জাতিসংঘের অন্যান্য মানবাধিকার নথিতেও উদ্বেগ জানানো হয়েছে।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তদন্ত প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। একই সঙ্গে সংঘাত বন্ধ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তথ্যানুসন্ধান মিশন।
আরও পড়ুন
- সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, তিনজনই শিশু
- হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ইরানের হামলা
- যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
- নাইজেরিয়ায় বিষাক্ত দেশি মদ পান করে ৪৮ জনের মৃত্যু
- সুদানে সোনার খনি ধসে নিহত ৮২
- লস অ্যাঞ্জেলেসে ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
- সৌদির সামরিক ঘাঁটিতে হুথিরক্ষেপণাস্ত্র হামলা
- জাভা সাগরে ২৪০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ, উদ্ধার অভিযান শুরু