৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, কমতে পারে গরম
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৯ এএম
কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছে। মৌসুমি বায়ুর প্রভাব কমে যাওয়ায় বৃষ্টিও কমেছে। এর মধ্যে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
তবে আজ বৃহস্পতিবার দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।
সকাল ৭টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজকের পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এদিকে ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কমে আসতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানী ঢাকাতেও সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর ১টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টায় এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৬ মিনিটে।
আরও পড়ুন
- দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
- দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- চট্টগ্রামসহ ছয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
- দেশের ৬ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত