৩ সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০ কোটি টাকা বরাদ্দ
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৫৪ পিএম | আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৫৪ পিএম
নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান বরাদ্দ দিয়েছে সরকার।
এ বিষয়ে ১৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেট থেকে সিটি করপোরেশনগুলোর প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তায় আবর্তক অনুদান হিসেবে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে স্থানীয় সরকার বিভাগের প্রতিশ্রুত ২৫ শতাংশ অর্থও প্রযোজ্য ক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে।
বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পেয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশন ২ কোটি ২৮ লাখ, চট্টগ্রাম সিটি করপোরেশন ২ কোটি, বগুড়া সিটি করপোরেশন ১ কোটি ৭৫ লাখ এবং রাজশাহী সিটি করপোরেশন ১ কোটি ২ লাখ টাকা পেয়েছে।
অন্য সিটি করপোরেশনগুলোর মধ্যে নারায়ণগঞ্জে ৭৩ লাখ, বরিশালে ৭২ লাখ, ময়মনসিংহে ৬৫ লাখ, খুলনায় ৬০ লাখ, কুমিল্লায় ৫২ লাখ, রংপুরে ৫২ লাখ এবং সিলেট সিটি করপোরেশনে ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরবর্তী অর্থের বিভাজন অনুমোদনের সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে চলতি অর্থবছরের ব্যয় বিবরণী দাখিল করতে হবে।
এ ছাড়া বরাদ্দের অর্থ ব্যয়ে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
- সব উপজেলা সরকারি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
- দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন
- চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান
- প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিপ্রতিবন্ধী রাবি শিক্ষার্থী শাকিল
- দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল ২৭ কোটি ঘনফুট
- শিশুদের প্রতিভা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমান
- সাইবার অপরাধ ঠেকাতে সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা
- শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী