1. »
  2. জাতীয়

সব উপজেলা সরকারি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৭ পিএম | আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৭ পিএম

সব উপজেলা সরকারি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

মাঠ পর্যায়ে ভূমি সেবার মান বাড়ানো এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

একই সঙ্গে স্থাপিত ডিভাইসে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত হাজিরা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে দেশের প্রতিটি জেলার উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সরকারি দপ্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্সসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাধারণ মানুষ যাতে নির্ধারিত সময়ে নির্বিঘ্নে ভূমি সেবা পান, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করা জরুরি বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এ কারণে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে দ্রুত বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিভাইস স্থাপনের পর কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত সেটি ব্যবহার করছেন কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা তদারক করতে বলা হয়েছে।

পরিপত্রের মূল প্রাপক হিসেবে দেশের সব জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্টদের কাছে এর অনুলিপি পাঠানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ভূমি সেবা নিতে আসা মানুষের হয়রানি কমানো এবং সেবায় জবাবদিহিতা বাড়াতেও এটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।